ধর্ম

মাদরাসা শিক্ষককে গ্রেপ্তারের পর ভুক্তভোগী শিশুর বাবাকে খুঁজছে পুলিশ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসার ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মাদরাসায় ভাঙচুর ও শিক্ষক-কর্মচারীদের মারধরের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি বলেন, অভিযোগের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সেদিনই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাঁকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। এ ঘটনায় করা মামলায় মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মোসলেম আহমদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়। তিনি টঙ্গীর আউচপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অন্যদিকে, মাদরাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর এবং শিক্ষক-কর্মচারীদের মারধরের অভিযোগে থানায় মামলা করেছেন। ওই মামলাতেই শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিকে, শনিবার বিকেলে শিশুটিকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুটির জবানবন্দিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।