কুমিল্লার বুড়িচং উপজেলার পালটি রাজাপুর হাজী মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও ছয়গ্রাম আলীম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বলেন, ‘প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের মূল ভিত্তি। শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল না হয়ে অভিভাবকদেরও সন্তানের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হতে হবে।’
এড.আরিফুর রহমান শ্রাবণ আরও বলেন, শিক্ষার্থীদের কিন্ডারগার্টেনের পরিবর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় উৎসাহিত করতে হবে এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সন্ধ্যার পর শিশুদের মোবাইল ফোন ও টেলিভিশন থেকে দূরে রেখে বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতালেব মাস্টারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শংকুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, সাইবার ফায়ার সিকিউরিটির মো. দুলাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. আবু কাউছার, সাজ্জাদ হোসেন মাস্টার ও বিদ্যালয়ের শিক্ষক শামীমা নাসরিন।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী মহিলা সদস্য মো. রুনা আক্তার, বিদ্যুৎসাহী পুরুষ সদস্য মাহে আলম, অভিভাবক সদস্য সবুজ মিয়া ও যুবদল নেতা মো. ধনু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়,মকবুল হোসেন, ছাত্রদল নেতা শাওন,মো.এনামুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের কল্যাণে ‘মা-ফাউন্ডেশন’ গঠন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের আশ্বাস দেন অতিথিরা। তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



