কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি, ছড়াকার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে কুমিল্লা নগরীর সিডিপ্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সার, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি ক্যান্সারের পাশাপাশি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে সংকটাপন্ন অবস্থায় সিডিপ্যাথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জহিরুল হক দুলাল একাধারে বীর মুক্তিযোদ্ধা, কবি, ছড়াকার, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন। তিনি কুমিল্লা ইউসুফ বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের (ইউসুফ হাই স্কুল) সাবেক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কুমিল্লার সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের ব্যক্তিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে প্রেসক্লাব কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীরা এই গুণী ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
