কুমিল্লার লাকসামে লরির চাপায় পিষ্ট হয়ে মো. ইয়াছিন মিয়া (৩৬) নামে ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বাটিয়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মানরা গ্রামের বাসিন্দা। তিনি ব্র্যাকের বিজয়পুর শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন ইয়াছিন। এ সময় পেছন থেকে আসা একটি লরি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে লাকসাম হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে লরির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কান্তি দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
