কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার চাল-ফুচকাসহ পিকআপ আটক

কুমিল্লায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানিযোগ্য বাসমতি চাল ও ফুচকাসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামাল ও পিকআপের সর্বমোট সিজার মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া কাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ বিপুল পরিমাণ আমদানিযোগ্য বাসমতি চাল ও ফুচকা আটক করা হয়।

১০ বিজিবি জানায়, জব্দ করা বাসমতি চাল, ফুচকা ও পিকআপের সর্বমোট সিজার মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা। জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিধি অনুযায়ী থানায় জমা দেওয়া হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।