অপরাধ তালাশ

১১ মাস আগে কুপিয়ে জখম করে সাংবাদিক লুৎফুজ্জামানকে,এবার গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে প্রায় ১১ মাস আগে তাঁকে কুপিয়ে জখম করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। পরে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, ‘আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে এসেছিল। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। পরে আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তিও পেছন দিয়ে যায়। এরপর আমি গুলির শব্দ শুনি। ভয় পেয়ে দোকানের ভেতরে চলে যাই।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

১১ মাস আগে কুপিয়ে জখম করার ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশের তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।