ব্রাহ্মণপাড়া

মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৩ জন পলাতক

মালদ্বীপে মো. সজিব (২৭) নামে কুমিল্লার এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার দুপুরে তাঁর শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্বজনরা।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে মালদ্বীপে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী ফোন করে সজিবের মৃত্যুর খবর তাঁর স্বজনদের জানান। পরে তাঁরা জানতে পারেন, সজিবের শোবার ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়।

সজিবের চাচাতো ভাই সোহেল জানান, তাঁরা জানতে পেরেছেন, সজিবের মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনার পর থেকে সজিবের সঙ্গে একই কক্ষে বসবাসরত দুই বাংলাদেশিসহ তিনজন পলাতক রয়েছেন বলেও তাঁরা জানতে পেরেছেন।

এ ঘটনায় সজিবের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এবং তিনজনের পলাতক থাকার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সজিবের মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁর স্বজনরা। পাশাপাশি তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।