ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস;পথে থামবে কুমিল্লাসহ ১১ স্টেশনে
ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে ঢাকা-কক্সবাজার পথে ট্রেনটির যাত্রা শুরু হবে। এতে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে উঠে সরাসরি কক্সবাজার যেতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমানকে।
এ বিষয়ে সফিকুর রহমান বলেন, “মহানগর এক্সপ্রেস ট্রেনটি ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার পথে চলবে। ট্রেনটি যাত্রাপথে বিভিন্ন স্টেশনে বিরতি দেয়। তাই এসব স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করে কক্সবাজারের পথে যাতায়াত করতে পারবেন।”
রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
ফিরতি যাত্রায় ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে ২০ মিনিট বিরতির পর সাড়ে ১২টায় আবার যাত্রা শুরু করবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ হিসাবে ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় লাগবে সাড়ে ৯ ঘণ্টা।
ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে মহানগর এক্সপ্রেস পথে ১১টি স্টেশনে যাত্রাবিরতি দেবে। স্টেশনগুলো হলো—বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী। তবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনে ট্রেনটির আগের নির্ধারিত যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এ রুটে ঢাকা থেকে চলাচলকারী ট্রেনের সংখ্যা দাঁড়াবে তিনটিতে। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি দেয় না। ফলে মহানগর এক্সপ্রেস চালু হলে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীদের কক্সবাজার যাতায়াতের সুযোগ বাড়বে।
অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী প্রবাল ও সৈকত এক্সপ্রেস মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেয়।
মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ রয়েছে। এতে সর্বোচ্চ ৭৩৬টি আসন রয়েছে। ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলাচল করে। রোববার সাপ্তাহিক বন্ধ থাকে।
