দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার ৭, পরোয়ানাভুক্ত ২
কুমিল্লার দাউদকান্দিতে মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইয়াবাসহ একজন, পরোয়ানাভুক্ত দুজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় চারজন রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই (নিঃ) কমল কৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নায়েরগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসমাইল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার নন্দিখোলা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম আনোয়ারা বেগম।
অন্যদিকে, এসআই (নিঃ) আরিফুর রহমান ও এএসআই (নিঃ) রিপন মিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন—দাউদকান্দির বেকিনগর (মালিখিল রায়পুর) এলাকার আফজাল মিয়ার ছেলে ছালাম (২৯) এবং মাইষমারী এলাকার মৃত মজু মিয়া সিকদারের ছেলে মো. কামাল হোসেন।
এ ছাড়া এসআই (নিঃ) মধুসূদন মজুমদার ও এসআই (নিঃ) অধীর চৌধুরী পৃথক অভিযানে পুলিশ আইনের ৩৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন—দাউদকান্দির সবজিকান্দি (বেপারী বাড়ি) এলাকার মৃত সফিক মিয়া ও পারভীন বেগমের ছেলে মিনহাজুল আহম্মেদ ওরফে সৌরভ (২০), লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার সাপলিপাড়া এলাকার মো. খলিল ও নাসিমা বেগমের ছেলে মো. আরিফ (৩০), দাউদকান্দির দক্ষিণ সতানন্দী এলাকায় মালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া; সবজিকান্দি এলাকার মো. দোলন মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (২৫) এবং মারুকা ইউনিয়নের বরনপাড়া এলাকার মো. মজুর ছেলে মো. রাসেল (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
