ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় চার বছরের সাজা মাথায় নিয়ে ৮ বছর ভারতে পালিয়ে ছিলেন শীর্ষ মাদক কারবারি শরীফ;অবশেষে গ্রেপ্তার!

চার বছরের সশ্রম কারাদণ্ড মাথায় নিয়ে দীর্ঘ আট বছর ভারতে আত্মগোপনে থাকার পর মো. শরীফ (নাম) নামে এক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন। গ্রেপ্তার শরীফ উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত শরীফকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা এড়াতে তিনি দীর্ঘ আট বছর ভারতে আত্মগোপনে ছিলেন।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারের পর শরীফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।