অপরাধ তালাশ

তাজমিনের সঙ্গে সিএনজিতে ওঠার আগে কী কথা হয়েছিল, জানালেন প্রেমিক রাজু

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজুর বক্তব্যে উঠে এসেছে নিখোঁজ হওয়ার আগের রাতের কিছু তথ্য। ওই রাতে সিএনজিচালিত অটোরিকশায় থাকা অবস্থায় তাজমিনের সঙ্গে ভিডিও কলে কী কথা হয়েছিল, সে বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন রাজু।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজু দাবি করেন, ঘটনার রাতে তাজমিন শহরের বাসায় ফিরে প্রধান ফটক বন্ধ দেখতে পায়। পরে মা-বাবাকে ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানায়।

রাজুর ভাষ্য অনুযায়ী, বাসায় ঢুকতে না পেরে তাজমিন এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে তিনি তাজমিনকে ভিডিও কল করেন। এ সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পেয়ে তিনি তাকে বকাঝকা করেন বলে দাবি করেন রাজু।

তার দাবি, বকাঝকার পরপরই তাজমিন ফোন কেটে দেয়। পরে খুদে বার্তা পাঠিয়ে তাকে চিন্তা না করতে বলে এবং সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানায়।

রাজু আরও বলেন, পরে তিনি তাজমিনের কাছে জানতে চান, সে আসলে কাকে ফোন করেছিল। জবাবে তাজমিন এক বন্ধুকে ফোন করার কথা জানায়। রাজুর ভাষ্য, এখন তার মনে হচ্ছে, তাজমিন মূলত ওই সিএনজিচালকের কথাই বলতে চেয়েছিল।

ধানক্ষেত থেকে উদ্ধার হয় তাজমিনের মরদেহ

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় জান্নাতুল তাজমিন ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। পরদিন সকালে ভোলারজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের আগে তাজমিনের যাতায়াত, যোগাযোগ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে।

তবে ঘটনার রাতের কথোপকথন ও যোগাযোগের বিষয়ে রাজুর বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।