ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়কের মনোয়ারা মঞ্জিলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রুমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতুভূমি বাশতলা এলাকার বাসিন্দা। তিনি খোরশেদ আলমের স্ত্রী এবং মৃত খিজির মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থান থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমা আক্তারকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
