বুড়িচং

বুড়িচংয়ে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। পরে র‌্যালিটি দুই ভাগে বিভক্ত হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর একটি অংশ সোনার বাংলা কলেজের দিকে এবং অপর অংশ ইছাপুরা তেলপাম্প পর্যন্ত যায়। পরে উভয় র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।

র‌্যালিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, অভিভাবক সদস্য মো. আবুল কাশেম, শিক্ষানুরাগী সালেহ আহমেদ, অভিভাবক মো. সিরাজুল ইসলাম খোকনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।