কুমিল্লার সংবাদ

কুমিল্লায় লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

বিশ্বের অন্যতম বৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অংশ হিসেবে ‘অক্টোবর সেবা মাস’ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লা মহানগরীর কাপ্তানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা শেষে ১৪৫ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া ২৮০ জন রোগীকে প্রয়োজনীয় অপারেশনের জন্য আলেখারচর চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার পরিচালনায় এবং ‘কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্ট’ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি লায়ন আলহাজ্ব ডা. এ কে এম আবদুস সেলিম, লায়ন্স ক্লাব অব কুমিল্লার পাস্ট প্রেসিডেন্ট ও রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মো. আতোয়ার জাহান ভূঁইয়া, পাস্ট প্রেসিডেন্ট ও রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবদুল আউয়াল সরকার।

লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি লায়ন আলহাজ্ব ডা. এ কে এম আবদুস সেলিম বলেন, “মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার চেতনাকে উজ্জীবিত ও পৃষ্ঠপোষকতা করাই আমাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি সুশাসন ও সুনাগরিকত্বের আদর্শকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। লায়ন্স ক্লাব সবসময় অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পূর্বের ন্যায় এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”