অপরাধ তালাশ

ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মন্ডলের ছেলে।

আহতরা হলেন—নিহতের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, মেজো ভাই বদিউল ইসলাম ও ছোট ভাই ইমরান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে রনি (৩৫)-এর জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ ঘটনাকে কেন্দ্র করে রনির সঙ্গে আবুল কাশেমের পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

মারামারির সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহতের পরিবারের আরও চার সদস্য আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী জানান, আবুল কাশেমের পরিবারের সঙ্গে রনির পরিবারের আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ছাগলে করলা গাছ খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।