‘আমার মা নেই, আপনারাই আমাকে দেখে রাখবেন’: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমার মা নেই, আপনারাই আমাকে দেখে রাখবেন।’ তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে কৃষক, দিনমজুর, অসহায়-দুস্থ মানুষ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানির ব্যবস্থা করা হবে। তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ তাদের হাতে সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও অর্থ তুলে দেওয়া হয়েছে। আপনাদের সতর্ক থাকতে হবে। আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে। তারা বিগত সময়েও তলে তলে একসঙ্গে ছিল। এ জন্য তাদের গুপ্ত দল বলা হয়।’
বিএনপি নেতাকর্মীদের ওপর গত ১৭ বছর ধরে নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর যেভাবে বিএনপি নেতাকর্মীরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, তখন তারা কোথায় ছিল।’
তিনি আরও বলেন, ‘তারা নিজেদের জন্য রাজনীতি করে, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের এই অপরাজনীতি দেশের মানুষ বুঝে গেছে। তারা যদি দায়িত্ব পায়, তারা নিজেদের জন্য কাজ করবে, দেশের জন্য কিছুই করবে না।’
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে তারা ‘বেহেশতের টিকিট’ বিক্রি করেছে। অথচ বেহেশত-দোজখের মালিক আল্লাহ। মানুষ যদি এ ধরনের দাবি করে, তাহলে তা আল্লাহর সঙ্গে শিরকের শামিল। যারা আল্লাহর সঙ্গে শিরক করে, তারা মানুষের সঙ্গে প্রতারণা করবে—এটাই স্বাভাবিক।
তিনি বলেন, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে একের পর এক কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা নিজেদের স্বার্থে রাজনীতি করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ফেনী সফরের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বহু বছর পর নানাবাড়ি ফেনীতে এসেছি।’
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিগত সরকারের সময়ে দেশের অনেক কলকারখানা বন্ধ হয়েছে। এখন বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে, যাতে বন্ধ কলকারখানাগুলো চালু করা যায় এবং দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।
তিনি বলেন, ‘জনগণকে ন্যূনতম একটু সহযোগিতা করতে পারলে তারাই নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে পারবে।’
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সচিব, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৭৭টি উপজেলায় কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ফেনীর ১০ জন নারীকে ফ্যামিলি কার্ড, ১০ জন কৃষক-কিষানিকে কৃষি কার্ড এবং ১০ জন ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতকে বার্ষিক সম্মানি ভাতা দেওয়া হয়।
