ট্রেন্ডিং নিউজ

প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্বে মায়ের পৈতৃক জেলা ফেনী যাচ্ছেন তারেক রহমান,মহাসড়কে নেতাকর্মী ও শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মায়ের পৈতৃক জেলা ফেনী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।ইতিমধ্যে তিনি ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে আছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে মহাসড়কের কুমিল্লার বুড়িচং অংশে নিমসার বাজার এলাকায় দু’পাশে বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। 

তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। এ কারণে তারেক রহমানের এবারের ফেনী সফরকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে জেলার সঙ্গে তার পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের সফরকেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

সফরকে কেন্দ্র করে ফেনী শহর থেকে পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও উৎসাহ দেখা গেছে। সফর সফল করতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন বলে দলীয় সূত্রে জানা গেছে।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি বলছেন, প্রধানমন্ত্রীর এ সফর দলীয় নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনদাবির বিষয়েও মানুষের প্রত্যাশা রয়েছে।