কুমিল্লায় মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে দুই কিশোরী নিখোঁজ
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। চার দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার জুগিরকান্দি গ্রামের বাসিন্দা মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার কাশিনগর আল-আমিন মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি।
রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু চার দিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এ ঘটনায় নিখোঁজ মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
নিখোঁজ দুই কিশোরীর সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
