ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা ও অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক কয়েকটি অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে তিনজন মাদক ব্যবাসায়ী, একজন সিআর সাজা পরোয়ানাভুক্ত এবং অন্যজন জিআর পরোয়ানাভুক্ত আসামি।
গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার দিনে ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে একটি দল শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার উত্তর পাশের ব্রিজের ওপর অভিযান চালায়। সেখান থেকে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন— শশীদল আশাবাড়ি এলাকার শফিউল আলম (২০), শশীদল পশ্চিমপাড়ার সালাউদ্দিন হোসেন সাগর (২২) এবং উত্তর তেতাভূমির আক্তার হোসেন (২৫)।
এদিকে আজ বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানে লড়ুচৌ গ্রাম থেকে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি শহিদ সরকারকে গ্রেপ্তার করা হয়। অন্য অভিযানে এএসআই নুর-আল-আহসানের নেতৃত্বে রামচন্দ্রপুর বাল্লাক এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি সাইফুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
