টিকটকে পরিচয়, ইমোতে প্রেম; ঢাকা থেকে বুড়িচংয়ে এসে কিশোরী ধর্ষণের,গ্রেপ্তার যুবক
টিকটকে পরিচয়, এরপর ইমোতে কথোপকথন ও প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে ঢাকা থেকে কুমিল্লায় এসে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে কিশোরীকে কুমিল্লায় ডেকে এনে ময়নামতি পাহাড়ের পাদদেশের নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে রাজীব আহমেদ নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাজীব আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রাজীবের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে ঢাকা থেকে কুমিল্লায় আসে কিশোরী। রাত ৯টার পর কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামলে রাজীবের সঙ্গে তার দেখা হয়।
পরে তারা একটি হোটেলে খাবার খায়। রাত ১টার দিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাজীব কিশোরীকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে পাহাড়ের পাদদেশের নির্জন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে কিশোরীর অভিযোগ। পরে তাকে মারধর করে রাজীব সেখান থেকে চলে যায়।
এদিকে আহত অবস্থায় কিশোরীকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করেন। পরে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুরজিত বড়ুয়া বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলসংলগ্ন এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে। তার কাছে থাকা ছবি ও মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রাজীব আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত রাজীব আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
