ব্রাহ্মণপাড়ায় গাছে মাদকসেবী-কারবারিদের নামের তালিকা, ছড়িয়েছে ফেসবুকে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি গাছের সঙ্গে সাঁটানো কথিত মাদকসেবী ও মাদক কারবারিদের নামের একটি তালিকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উপজেলার নাইঘর উত্তরপাড়া এলাকার একটি গাছের সঙ্গে একটি ছাপানো কাগজ সাঁটানো রয়েছে। কাগজটির শিরোনামে ওই এলাকার মাদকসেবী ও মাদক বিক্রেতাদের নামের তালিকা উল্লেখ করা হয়েছে।
ছবিতে থাকা তালিকায় ১১ জনের নাম রয়েছে। তালিকায় ব্যক্তিভেদে ‘সেবন’, ‘সেবন ও বিক্রেতা’ এবং ‘সেবন, বিক্রেতা ও ডিলারশিপ’এ ধরনের পরিচয় উল্লেখ করা হয়েছে। তালিকার নিচে সমাজকে মাদকমুক্ত রাখতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে তালিকাটি কে বা কারা তৈরি করে গাছে সাঁটিয়েছেন, সে বিষয়ে ছবিতে কোনো তথ্য উল্লেখ নেই।
ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ মাদকের বিরুদ্ধে এমন সামাজিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। আবার অভিযোগের সত্যতা যাচাই না করে প্রকাশ্যে কারও নাম তালিকাভুক্ত করার বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে তালিকায় উত্থাপিত অভিযোগের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকায় থাকা ব্যক্তিদের মাদকসেবী বা মাদক কারবারি হিসেবে নিশ্চিতভাবে উল্লেখ করা যাচ্ছে না।
স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিস্তার রোধে সামাজিক উদ্যোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালিকায় উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি থানা পুলিশের নজরে এসেছে। মাদকের বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া গেলে পুলিশ তা গুরুত্বের সঙ্গে যাচাই করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাটিও যাচাই করা হবে।’
তিনি আরও বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে যাচাই ছাড়া কারও বিরুদ্ধে কোনো অভিযোগকে সত্য ধরে নেওয়ার সুযোগ নেই।’
