কুমিল্লার শাসনগাছায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৪৭ হাজার টাকা জরিমানা
কুমিল্লা নগরীর শাসনগাছা বাদশা মিয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি দোকানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৮৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারার ক্রমিক ৪ অনুযায়ী অপরাধের দায়ে দুটি দোকানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় প্রায় ৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার ও নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম চলমান থাকবে।
