সারাদেশ

৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হওয়ার পর ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর এক নারীসহ তিন বাংলাদেশি দেশে ফিরেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করে। পরে সন্ধ্যায় সোনাহাট বিজিবি ক্যাম্প থেকে তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।

দেশে ফেরা তিনজন হলেন—কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকার শারমিন আক্তার।

পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তারা। পরে ভারতের আদালত ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে ৩৩ মাস কারাভোগ করেন। কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর নিয়মিত প্রক্রিয়ায় বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দেশে ফেরত আসা তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।