সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন ও তীব্র ধোঁয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় সংকীর্ণ সিঁড়ি দিয়ে একযোগে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন মূলত ভবনের কন্ট্রোল রুমে সীমাবদ্ধ ছিল। এতে মূল ওয়ার্ডগুলোর সরাসরি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণে অল্প সময়ের মধ্যেই পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, “আগুনের ঘটনায় কোনো ওয়ার্ডে সরাসরি আগুন পৌঁছায়নি। তবে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। কী কারণে শর্টসার্কিট হয়েছে এবং ভবনের বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেন।

এদিকে আকস্মিক অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।