অপরাধ তালাশ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধে বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দরানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দরানীপাড়া গ্রামের মৌলভী বাড়ির জসিম উদ্দিনের স্ত্রী খালেদা আক্তার এবং একই বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম টিটু (৩৫)। সম্পর্কে তারা ফুফু-ভাতিজা।

স্থানীয় মোসলেম মিয়া ও হুমায়ুন কবির জানান, বাড়ির জায়গা নিয়ে খালেদা আক্তার ও তাঁর ভাতিজা টিটুর সঙ্গে চাচা আবু মিয়ার তর্কাতর্কি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে খালেদা ও টিটু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা হক রিফাত বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন পাওয়া গেছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে জানতে পারেন, ঘটনাটি মুরাদনগর উপজেলার দরানীপাড়া গ্রামের। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।