কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোবাইল ফোনে টিকটক ব্যবহারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মো. আবুল কাশেমের মেয়ে ফারজানা আক্তার (১৯)-এর সঙ্গে তিন বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান অনিক (২৮)-এর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদ ঘটে। পরে ফারজানা অন্যত্র বিয়ে করলেও সেই সংসার টেকেনি। পরবর্তীতে আবার প্রথম স্বামী অনিকের সঙ্গে তার বিয়ে হয় এবং তারা ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, ফারজানা মোবাইল ফোনে টিকটক ব্যবহার করতেন, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। ঘটনার আগের দিনও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
গত ২৯ মার্চ সকালে স্বামী বাসায় না থাকার সুযোগে কল্পবাস এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন মুসলিম উদ্দিনের টিনশেড ভাড়া বাসায় বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই মো. সুমন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২৯ মার্চ রাতে স্বামী মেহেদী হাসান অনিককে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৩০ মার্চ তাকে আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
অভিযুক্ত স্বামী মেহেদী হাসান অনিক দাবি করেন, তার স্ত্রী পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া করতেন এবং রাগ-ক্ষোভ থেকেই আত্মহত্যা করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা বলেও দাবি করেন তিনি।
