কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফারহানা (১৮) নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারহানা কল্পবাস গ্রামের বাসিন্দা মেহেদী হাসান অনিকের স্ত্রী। প্রায় দুই বছর আগে কসবা উপজেলার নয়নপুর এলাকার ফারজানা আক্তারের সঙ্গে তাঁর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তারা বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্বামী মেহেদী হাসান অনিক পেশায় কলা বিক্রেতা।
ঘটনার দিন সকালে কলা বিক্রির জন্য ব্রাহ্মণপাড়া সদর বাজারে যাওয়ার আগে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় বলে স্বজনরা জানিয়েছেন। পরে বাসায় একা থাকা অবস্থায় ফারহানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্বামী।
পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া তালাশ বাংলাকে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
