খেলাধুলা

হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টে আজাদ’র বাজিমাত

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর দ্বিতীয় রাউন্ডের খেলায় ভারেল্লা ইয়াং স্টার একাদশকে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে বাকশীমূল ইউনিয়ন একাদশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উত্তেজনাপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাকশীমূল ইউনিয়ন একাদশের অধিনায়ক ছিলেন জাহের।

এদিন বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামের যুবক আজাদ জীবনের প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। অভিষেক ম্যাচেই ভারেল্লা ইয়াং স্টার একাদশের বিপক্ষে দুটি গোল করে ম্যাচসেরার পুরস্কার পান তিনি। প্রথম ম্যাচেই এমন সাফল্যে আজাদ উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর সাফল্যে সহপাঠী ও স্থানীয়দের মধ্যেও আনন্দের জোয়ার বইছে।

খেলা শেষে আজাদকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বাকশীমূল ইউনিয়ন একাদশের টিম লিডার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক সবুজের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। এ সময় খেলাপ্রেমী ও বুড়িচং উপজেলা গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের প্রতিনিধি মো. সালাম উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আয়োজক ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম টিপু। খেলায় সভাপতিত্ব করেন ষোলনল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এরশাদুল হক, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইকরাম হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন, ষোলনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম পলাশ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন ও তানজিবুর রহমান শুভ, বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাকশীমূল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাগর আহমেদ রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উত্তেজনাপূর্ণ খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একপর্যায়ে বাকশীমূল ইউনিয়ন একাদশ তিনটি গোল করে এগিয়ে যায়। ভারেল্লা ইয়াং স্টার একাদশ দুটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বাকশীমূল ইউনিয়ন একাদশ।