কুমিল্লায় কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা আদর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এ জরিমানা আদায় করেন।
একই সময়ে উপজেলার মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন ও মেসার্স ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা জানান, অভিযানের সময় তেলের মজুদ ও স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি, পরিমাপে কম দেওয়ার মতো ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
এ সময় মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রেতাদের পণ্য সরবরাহ না করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ফিলিং স্টেশনকে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
