মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে চান বলে জানিয়েছেন। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের বলেছেন, তিনি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ এড়াতে চান। তার মতে, চলমান সংঘাত এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে। এ লক্ষ্যে তিনি আগে যে চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার কথা বলেছিলেন, সে অনুযায়ী কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প মনে করছেন এই সংঘাত তার প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকার থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ ভোটারদের উদ্বেগের বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছেন তার উপদেষ্টারা।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আরও জানা যায়, হোয়াইট হাউস আগামী মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই সফরের আগেই ইরান সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা চলছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি বলেন, “তারা (ইরান) বোকা নয়, বরং অনেক ক্ষেত্রে অত্যন্ত বুদ্ধিমান এবং দক্ষ আলোচক।”
তিনি আরও বলেন, “আমি বলি তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু আলোচনায় চমৎকার। আমরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি।”
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ইরান এখন চুক্তির পথে আসার সুযোগ পাচ্ছে। তবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তেহরানের ওপর নির্ভর করছে বলে তিনি উল্লেখ করেন।
