Spread the love

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন ‘স্বপ্নের বুড়িচং’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বুড়িচং পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ সাব্বির আহমেদ। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তাঁর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে দেশের সাহসী জনগণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং অসংখ্য শহীদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ বার্তা ছিল প্রতিহিংসা নয়, বরং ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এলাকার নেতা হাজী জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘স্বপ্নের বুড়িচং’ সংগঠনের নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে মাদক নির্মূল, অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। একটি সুন্দর ও সুশৃঙ্খল বুড়িচং গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান পিয়াস, ফজলে রাব্বি, রবিউল হাসান মনির, ইকবাল হোসেন, মাসিকুল ইসলাম, নাইম আহমেদ, জিতু, আরিফ, পিয়াল, হৃদয়, বাবু, আরমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *