Spread the love

রাঙামাটিতে ৪০০ পিস ইয়াবা ও ৪১ হাজার টাকাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সর্বশেষ তিন দিনে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির কাঁঠালতলী ধোপাপাড়ার বাসিন্দা ও মাদক সম্রাট সজল দাশের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

ওই সময় মাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ধোপাপাড়ার বাসিন্দা মৃত দিলিপ দাশের ছেলে সজল দাশ (৩৪), একই এলাকার রুপন দাশের ছেলে হৃদয় দাশ (২৫), রাখাল দাশের ছেলে সুমন দাশ (৩৫) ও দিলিপ দাশের ছেলে কাজল দাশ (২৬) এবং সদর হাসপাতাল এলাকার হেকমত আলীর ছেলে মো. সাইফুল ইসলাম, সুখিনীলগঞ্জ টেকনিক্যালপাড়া এলাকার বাসিন্দা জয়সেন বড়ুয়ার ছেলে বৃন্দাবন বড়ুয়া (৩১)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রীতা দাশ ও শুভ নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

এর আগে গত মঙ্গলবার রাতে রাঙামাটি শহরের বিভিন্ন মাদক স্পটে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গতকাল বুধবার দিবাগত রাতে মোট ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে।

শিগগিরই পলাতক আসামিদের গ্রেপ্তার করা হবে। মাদক উদ্ধারের বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের সরেজমিন সাঁড়াশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।’

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *