ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুই যুবককে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের হোসেন মিয়া (২৫) ও পূর্ব পোমকারা গ্রামের অলিউল্লাহ (৪৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য ও রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে হোসেন মিয়া ও অলিউল্লাহকে আটক করা হয়।

পরে তাদের আমলি আদালত-২ (ব্রাহ্মণপাড়া)-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে হোসেন মিয়াকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অলিউল্লাহকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।