Spread the love

রাজধানীর গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা-১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত হাতে পাওয়া ৬১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। ১৬২টি কেন্দ্রের মধ্যে এই ৬১ কেন্দ্রের প্রাপ্ত ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান খুবই সামান্য হওয়ায় সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

নির্বাচন কমিশন ও কেন্দ্রভিত্তিক তথ্যানুযায়ী, এই ৬১টি কেন্দ্রে মোট ৬২ হাজার ৮৬৪টি ভোট সংগৃহীত হয়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীক নিয়ে নাহিদ ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৯৬৬ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৩০ হাজার ৮৯৮ ভোট। প্রাথমিক এই হিসেবে শাপলা কলি প্রতীকের নাহিদ ইসলাম ১ হাজার ৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এছাড়া একই সাথে অনুষ্ঠিত হওয়া গণভোটের ফলাফলে এই কেন্দ্রগুলোতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৬,৮২৭টি এবং ‘না’ ভোট পড়েছে ১৪,৫০৩টি।

সকাল থেকেই রামপুরা, বাড্ডা ও সংলগ্ন এলাকাগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তরুণ ও প্রবীণ ভোটারদের স্বতস্ফূর্তভাবে ভোট দিতে দেখা যায়। স্থানীয় ভোটারদের মতে, এম এ কাইয়ুম এলাকার পরিচিত মুখ হলেও তরুণ নেতা নাহিদ ইসলামের শাপলা কলি প্রতীকের প্রতি তরুণ প্রজন্মের এক বিশাল অংশ ঝুঁকে পড়েছে। ভোট গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ এক ভোটার বলেন, ‘ফলাফল যেদিকেই যাক না কেন, আমরা চাই জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটুক।’ বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার অপেক্ষায় রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ মানুষ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *