ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ঘোষিত ৮০টি ভোটকেন্দ্রের ফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন (ধানের শীষ)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১৪২টি কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রেই ফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকে হাজী জসিম উদ্দিন ১৮ হাজার ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসেন (দাড়িপাল্লা) ভোটে পিছিয়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলোর ফল ঘোষণা চলমান রয়েছে বলে জানা যায়,আনুষ্ঠানিক ভাবে এখনো বিজয়ের প্রার্থীর নাম ঘোষণা হয়নি।অপরদিকে ধানের শীষ প্রার্থীর হাজী জসিম উদ্দিনের পক্ষে বিজয়ে মিছিল বের করা শুরু করেছে তার কর্মীরা।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমে যায়। দুপুরের পর থেকে বিকেল ৪টা পর্যন্ত অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বুড়িচং সদর ও ব্রাহ্মণপাড়া সদরসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে। অনেক ভোটার জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৮৩৯ জন। রয়েছে ১৭টি ইউনিয়ন ও ১৪২টি ভোটকেন্দ্র। মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির হাজী জসিম উদ্দিন, জামায়াতে ইসলামীর ড. মোবারক হোসেন এবং এবি পার্টির ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার এজেন্টদের কয়েকটি কেন্দ্রে সক্রিয় দেখা গেলেও অন্য প্রার্থীদের এজেন্ট তেমন চোখে পড়েনি। যেখানে এজেন্ট উপস্থিত ছিলেন, সেখানে কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল বেশি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ আসনে নারী ভোটারদের অংশগ্রহণ জয়-পরাজয়ের সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন বলেন,এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ফলাফল ঘোষণা চলছে।
সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে যৌথবাহিনীর টহল ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সর্বাত্মক মাঠে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
