Spread the love

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা–হোমনা সড়কসংলগ্ন বাজারের পূর্ব পাশের কাঠপট্টি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের টানা আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। দাউদকান্দি, হোমনা ও চান্দিনা ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়। ফার্নিচারের দোকানে থাকা দাহ্য কেমিক্যাল ও রঙের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ১০টি ফার্নিচারের দোকান, ১টি ইলেকট্রিক ও এসি শোরুম, ২টি অটোরিকশা গ্যারেজ, ৪টি মুদি দোকান এবং চাল ও রমজান উপলক্ষে মজুত রাখা খেজুরের একটি গোডাউনসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন বলেন, “এই আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। শুধু ফার্নিচার মার্কেটেই কয়েক কোটি টাকার মালামাল ছিল।”
প্রাথমিক হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট একযোগে কাজ করেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *