রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করে জানান, ছাত্রদল পরিচয়ে কিছু ব্যক্তি শিক্ষার্থী সেজে কলেজে প্রবেশ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ‘ধানের শীষ’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। তিনি দাবি করেন, হামলাকারীরা মূলত বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী।
ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়।
জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগ দিতে যান।
উল্লেখ্য, এর আগেও তাঁর গণসংযোগে হামলার অভিযোগ ওঠে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। একই সঙ্গে আরেকটি ভিডিওতে নোংরা পানি ছুড়ে মারার দৃশ্যও দেখা গেছে।
ঘটনার পর বেলা ১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “মির্জা আব্বাসকে বলব—আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। এ ধরনের কর্মকাণ্ড চললে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আমি এই ঘটনার বিচার বাংলাদেশের মানুষের কাছে দিলাম। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ এর বিচার করবে।”
তিনি আরও বলেন, “গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
