প্রিন্টের তারিখ: 26 October 2026 | প্রকাশের তারিখ: 4 September 2026, 4:21 am

বুড়িচং-মীরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চালকের বুদ্ধিতে রক্ষা পেল যাত্রীরা

আক্কাস আল মাহমুদ হৃদয়

বুড়িচং-মীরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চালকের বুদ্ধিতে রক্ষা পেল যাত্রীরা

কুমিল্লার বুড়িচং-মীরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে চালকের তৎপরতায় ডাকাতির কবল থেকে রক্ষা পেয়েছেন গাড়ির যাত্রী ও তাদের মালামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী নদীর পালপাড়া ব্রিজ পার হয়ে বুড়িচং-মীরপুর সড়কের আছিয়াগণি স্কুলের সামনে ও পল্লী বিদ্যুৎ সংলগ্নে সড়কের ওপর গাছ ফেলে রাখে একদল ডাকাত। পরে তারা সড়কের পাশে ঘাপটি মেরে গাড়ি থামানোর অপেক্ষায় ছিল।

এ সময় একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে চালকের সন্দেহ হয়। তিনি দ্রুত গাড়িটি পেছনে নিয়ে সেখান থেকে চলে যান। এতে ডাকাতদের কবলে পড়া থেকে গাড়ির যাত্রী ও তাদের সঙ্গে থাকা মালামাল রক্ষা পায়।তবে গাড়িটির গ্লাস ক্ষতি হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ শাসনগাছা থেকে পালপাড়া পর্যন্ত প্রায় রাতে ডাকাতি – ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।এই গুরুত্বপূর্ণ এ সড়কে রাতের বেলায় নিরাপত্তা জোরদার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।