কুমিল্লার সংবাদ

কুমিল্লায় ব্যস্ত সড়কে সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা,যুবকের সাহসিকতায় আটক ১

কুমিল্লা নগরীর ব্যস্ত কান্দিরপাড়–পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় এক যুবকের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় যুবকের সাহসিকতা ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৮টা ১০ মিনিটে টাওয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী যুবক কামরুল হাসান ইমন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কামরুল হাসান ইমন জানান, সন্ধ্যা ৮টা ১০ মিনিটের দিকে তিনি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তিনি অটোরিকশার পেছনের বাম পাশের সিটে বসেছিলেন। তার ডান পাশে দুজন এবং সামনের দুই পাশে আরও দুজন যাত্রী ছিলেন।

তিনি জানান, টাওয়ার হাসপাতালের কাছে পৌঁছালে সামনের ডান পাশের একজন যাত্রী অটোরিকশা থামিয়ে নামতে চান। এ সময় পেছনে তার ডান পাশে বসা দুজনও নেমে যান। এরপর তাদের মধ্যে একজন বাম পাশ দিয়ে ঘুরে এসে হাতে থাকা একটি ধারালো কাটার বের করে তাকে ধাক্কা দিয়ে অটোরিকশার ভেতরে নেওয়ার চেষ্টা করে।

কামরুল হাসান ইমনের দাবি, এ সময় ডান পাশে থাকা আরেক ব্যক্তি হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা জিনিসপত্র বের করে দিতে বলেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি এক অভিযুক্তের হাত চেপে ধরে ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে নেমে চিৎকার শুরু করেন।

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মধ্যে একজনকে আটক করা হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট বিষয়টি কান্দিরপাড় পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। পরে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তাৎক্ষণিক সহযোগিতায় আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।

ছিনতাইয়ের চেষ্টার সময় ধারালো কাটার লেগে কামরুল হাসান ইমনের টি-শার্টের পেছনের অংশ কেটে গেলেও তিনি শারীরিকভাবে আহত হননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কামরুল হাসান ইমন বলেন, আল্লাহর রহমতে তার শরীরে কোনো আঘাত লাগেনি। তবে কুমিল্লা নগরীর এত ব্যস্ত সড়কে সন্ধ্যার সময় এ ধরনের ছিনতাইয়ের চেষ্টা তাকে বিস্মিত করেছে।

এ ঘটনায় আটক ব্যক্তির পরিচয় এবং তার সঙ্গে থাকা অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।