ব্রাহ্মণপাড়া

১২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণপাড়ায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কসবা পৌরসভার কালিকাপুর এলাকার মো. রনি মিয়া (২৬), দক্ষিণ কসবা এলাকার মো. শরীফ (৩৪) এবং কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার মোসা. লিজা আক্তার (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় ‘দাউয়াতুল হক তালিমুল কোরআন মাদ্রাসা’ সংলগ্ন টানা ব্রিজ থেকে মন্দবাগগামী সড়কের উত্তর পাশে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।