বুড়িচংয়ে ২৫ গাড়ির বহর নিয়ে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শত শত নেতাকর্মী ও ২৫টির বেশি গাড়ির বহর নিয়ে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এর আগে অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ গেট থেকে একটি মিছিল বের করা হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় ময়নামতি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের দুর্দিনে রাজপথে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে হয়রানি ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো নিজেকে দূরে সরিয়ে রাখেননি।

তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। ময়নামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।