যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার নামে সড়ক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে শহরের একটি সড়কের নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, শিকাগো শহরের আপার ওয়াকার ড্রাইভের ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী পূর্ব পাশের অংশটির নাম পরিবর্তন করে এই সম্মানসূচক নামকরণ করা হবে। অধ্যাদেশটি পাস ও প্রকাশিত হওয়ার পরপরই কার্যকর হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

অধ্যাদেশে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবা এবং দেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এসব অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে অভিহিত করা হয়েছে।

এ ছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর অবদানেরও প্রশংসা করা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।

প্রস্তাবনায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত সড়কটির অংশটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত উইলিস টাওয়ারের পাশেই অবস্থিত। ভবনটির নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানও অধ্যাদেশে বিশেষভাবে স্মরণ করা হয়েছে।