ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে রাজধানীর একটি ফ্যাশন শোতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এই অভিনেত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকদের একটি অংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন পরীমনি। এ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। পরীমনির এমন অঙ্গভঙ্গি এবং সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন পরীমনি।
উল্লেখ্য, এর আগে রাজধানীর গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ওই সময় ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। এ ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
