এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
কুমিল্লা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন। পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।
শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার বোর্ডের অধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএসের মাধ্যমে নিবন্ধন করে নিজেদের ফলাফল জানতে পারছেন।
তিনি আরও বলেন, ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।
