কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়ে মারধরের শিকার হয়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক। সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাঁকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাশের একটি জমিতে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম ওই ইউনিয়নের ভাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় পৌঁছালে আবুল কালামের ওপর হামলা চালায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এ সময় তাঁকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে তাঁকে পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ইমরান সরকার এরশাদসহ কয়েকজনের অভিযোগ, সন্ধ্যার পর এলাকার বিভিন্ন নির্জন স্থানে মাদকসেবীদের আড্ডা বসে। এসব স্থানে অবস্থান করে সুযোগ বুঝে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত হচ্ছে বলে তাঁদের দাবি।
এলাকায় নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া জানান, ঘটনাটি সম্পর্কে তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
