ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন থেকে চারজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ইসপাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মো. পারভেজ (৩৬), প্রান্ত (২৮), মো. রোহান (২২), মো. ডালিম (৪৮), নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশীদের নেতৃত্বে একটি দল রাতে দায়িত্ব পালন করছিল। রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোগড়াপাড়া চৌরাস্তা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
পরে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৩ ইঞ্চি লম্বা একটি তালা কাটার, ২৮ ইঞ্চি লম্বা দুটি রামদা, একটি দা, একটি ছুরি, তিনটি লোহার রড, একটি সেলাই রেঞ্জ ও একটি প্লাস উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে ডাকাতি, ছিনতাই, মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
