অপরাধ তালাশ

কারাগারে নেওয়ার পথে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’

ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা (৩০) নামে এক হাজতি। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

পলাতক রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এ ব্লকের আ. মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে কারা সূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে অন্য হাজতিদের সঙ্গে রাজাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে নিয়ে কারাগারের উদ্দেশে ফিরছিলেন পুলিশ সদস্যরা।

পথে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা জানান। পরে পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।

ঘটনার পর পলাতক হাজতিকে গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান শুরু করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল জোরালো অভিযান চালাচ্ছে।