ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি এবং মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া এলাকার মো. আশরাফুল (২৮), শশীদল ইউনিয়নের গঙ্গানগর-রামচন্দ্রপুর এলাকার মো. ফারুক আহমেদ (৩৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার মো. ফরিদ (৬৫)।
অন্য এক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি দুলালপুর ইউনিয়নের গোপালনগর মধ্যপাড়া এলাকার মো. বাবুল হোসেন (২৯) এবং নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি ষাইটশালা এলাকার মো. আবুল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকার মো. জালাল (৫০), সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকার মো. ইসমাইল (২২) ও মো. মোশাররফ হোসেন (২১), একই ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া এলাকার আল-আমিন (৩৮) এবং বুড়িচং উপজেলার কংশনগর পশ্চিমপাড়া এলাকার মো. মনির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
