আইফোনের লোভে অপ্রতিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ হওয়ার দিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
পুলিশ সুপার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে আইফোন নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। এ সময় তার সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের ভাষ্য। পরে অপ্রতিমের আইফোন নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়ামসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জানান, আটক চারজনই হত্যার দায় স্বীকার করেছে।
এদিকে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সব আলামত পাওয়া গেছে এবং আটক ব্যক্তিরা ঘটনার কথা স্বীকার করেছেন। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রমের পাশাপাশি তাদের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করানোর বিষয়ে কাজ করছে।
রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচারের বিষয়ে পুলিশ সহযোগিতা করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “বিচার করবেন আদালত, আমরা সব সহযোগিতা করব।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
