Spread the love

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে। তিনি দাবি করেন, যে রাজনৈতিক দল একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা দিতে চাইছে—যা প্রতারণা ও ভণ্ডামি।

মঙ্গলবার দুপুরে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ প্রকৃত ইতিহাস জানে এবং এই অপচেষ্টাকে কখনোই মেনে নেবে না।বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে, আজকে তারা যে নবরূপে নিজেদের মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। তারা বলছে, তাদের নাকি একজন মুক্তিযোদ্ধা আছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়ে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা সাইনবোর্ড দেখাচ্ছে, তাদের একটা মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানাচ্ছে। ভবিষ্যতে কোনো দিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াতে ইসলামী এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।’ তিনি আরও বলেন, ‘এ দেশের মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই মেনে নেবেন না এবং তাঁরা প্রতিবাদ জানাবেন—আমি এ বিশ্বাস করি। এ দেশের জনগণ দেশপ্রেমিক, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা প্রতিবাদ জানাবে, আমরা জানি।’
এসময় নারীদের বিষয়ে জামায়াতের বক্তব্যেরও নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মজীবী নারীদের অবমাননা ও কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নারীবান্ধব নয়; বরং এটি নারীদের কর্মসংস্থান ধ্বংসের পরিকল্পনা।সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *